ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৬ ফেব্রুয়ারি একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নৌকায় থাকা ৫৫ আরোহীর মধ্যে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে তীরে নামানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে।
জীবিতরা জানিয়েছেন, নৌকায় আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। নৌকাটি আল-জাওইয়া এলাকার তীর থেকে ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে যাত্রা শুরু করে এবং ছয় ঘণ্টার মধ্যে সাগরে উল্টে যায়।
আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টের’ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ হয়েছে। চলতি বছরের এই দুর্ঘটনার পর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
সংস্থাটি সতর্ক করেছে, ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথ পার হওয়ার ফলে শরণার্থী ও অভিবাসীরা এখনও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন।
