নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠছে রাজপথ। এরই অংশ হিসেবে আজ শনিবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বিএনপি চেয়ারম্যান আজ ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রামে যাবেন। রাত ৭টা ৩৫ মিনিটে তাঁর চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে। আজ রাত তিনি সেখানেই অবস্থান করবেন।
আগামীকাল রোববার দিনভর ব্যস্ত সময় কাটাবেন তারেক রহমান। সফর সূচি অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রথম নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
চট্টগ্রামের সভা শেষে কুমিল্লা জেলায় তিনটি জনসভায় অংশ নেবেন। সফর সূচি অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজি মাঠে এবং রাত ৭টা ৩০ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
ঢাকা ফেরার পথে রাত ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে দিনের শেষ জনসভায় যোগ দেবেন তিনি।
নির্বাচনী মাঠ নিজেদের দখলে রাখতে বিএনপি চেয়ারম্যানের এই ঝটিকা সফর দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
