নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ভারতের সঙ্গে কথিত চুক্তির বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন ও ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি।
আজ শনিবার রাজধানীর গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার করা হয়। দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন জানান, ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তির অভিযোগের সপক্ষে ন্যূনতম কোনো প্রমাণ নেই এবং এ ধরনের দাবি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুমিল্লার এক জনসভায় জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আনন্দবাজার পত্রিকার একটি সংবাদ উদ্ধৃত করে দাবি করেছিলেন, বিএনপির প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন। এর প্রতিবাদে মাহদী আমীন আজ বলেন, সংশ্লিষ্ট জামায়াত নেতা তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। মিডিয়ায় আসা তথ্যের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক বিতর্কের কোনো অপকৌশল হতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অপরাজনীতি বা অপপ্রচারের কোনো স্থান নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় ‘বাংলাদেশপন্থি’ রাজনীতিতে বিশ্বাসী এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থই তাদের মূল ভিত্তি। অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা এবং সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপিই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বিএনপি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহ্য বজায় রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
