যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক দিনে প্রায় ৩০০ সাংবাদিকসহ মোট কর্মীর এক-তৃতীয়াংশ ছাঁটাই করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কার্যকর হওয়া এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির নিউজরুম ও আন্তর্জাতিক ব্যুরোর কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, মূলত সম্পাদকীয় ও নিউজরুম বিভাগে এই ছাঁটাই কেন্দ্রীভূত। ইতিমধ্যে স্পোর্টস ও বুকস ডেস্ক বন্ধ করা হয়েছে। জেরুজালেম, কায়রো, বেইজিং ও ইউক্রেনের ব্যুরোতে কাজ ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেছেন, এই ছাঁটাই একটি “কৌশলগত পুনর্গঠন” যা ডিজিটাল পরিবর্তন ও আর্থিক চাপ সামাল দিতে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মালিক জেফ বেজোস এখনও পত্রিকাটির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং চাইছেন এটি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বড় ও শক্তিশালী হোক।
এই পদক্ষেপ শুধুমাত্র খরচ কমানোর উদ্যোগ নয়; এটি বিশ্ব সংবাদমাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবর্তনের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। কর্মী সংগঠন পোস্ট গিল্ড উল্লেখ করেছে, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সাংবাদিকতায় বিনিয়োগ অপরিহার্য, শুধুমাত্র আর্থিক সংরক্ষণ যথেষ্ট নয়।
২০১৩ সালে জেফ বেজোস ২৫ কোটি ডলারে ওয়াশিংটন পোস্ট কিনেছিলেন। তবে ২০২৬ সালের এই গণছাঁটাই সংবাদমাধ্যমের ভবিষ্যৎ এবং সাংবাদিকতার মান নিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
