আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ইশতেহার জনসমক্ষে তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির ইতিহাসে এবারই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিটি নির্বাচনে তিনি নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। তবে ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়া কারাবন্দি থাকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার পাঠ করেছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, এবারের ইশতেহারটি মূলত বিএনপির ঐতিহাসিক ৩১ দফার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে যুগের চাহিদা এবং জনমানুষের সমস্যার সমাধানে এতে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই দলিলে।
ইশতেহারে প্রতিটি খাতের জন্য সুনির্দিষ্ট ও টেকসই পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের নিজস্ব ভিশন বা রূপকল্প এখানে প্রাধান্য পেয়েছে। দলটির মতে, এই ইশতেহারের মূল লক্ষ্য হলো সুশাসন, নাগরিকদের সুরক্ষা এবং স্বনির্ভরতা নিশ্চিত করা।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই অংশগ্রহণমূলক নির্বাচনে বিএনপির এই ইশতেহার রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব বহন করছে। দুপুর থেকেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেছেন।
