জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনটি উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজন করা হয়েছিল।
শফিকুল আলম বলেন, “আপনারা পাবেন। একজন বা দুজন ছাড়া সবাই ইতিমধ্যেই সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলিক করা হবে।”
২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হলেও এখন পর্যন্ত এই বিবরণী প্রকাশিত হয়নি।
অর্থনীতিবিদ ও দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জানিয়েছেন, এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ ছিল, কিন্তু সাধারণ মানুষ এখনও এর সুফল দেখতে পাননি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এছাড়া চারজন বিশেষ সহকারী, চারজন বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চারজন বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্বে রয়েছেন।
২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ে তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। এরপর এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক হবে। ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদবিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন।
