:রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা নয়, জনগণের জীবন বদলের সুস্পষ্ট পরিকল্পনাই দেশের জন্য সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে কথার নয়, কার্যকর কর্মসূচির রাজনীতি প্রয়োজন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি প্রার্থী রবিউল আলম রবি।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রে ছিল বাংলাদেশ। তিনি বলেন, নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি খালেদা জিয়া, কারণ এই দেশের মানুষই তাঁর পরিবার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের লাভ হয় না। দেশের মানুষের প্রকৃত লাভ হয় তখনই, যখন একটি দলের হাতে থাকে জনগণের ভাগ্য বদলের সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নযোগ্য কর্মসূচি।
তিনি জানান, কৃষকদের সহায়তায় কৃষি কার্ড এবং গৃহিণী ও খেটে খাওয়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শহর ও গ্রামের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করাই এর লক্ষ্য। শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে স্কুলশিক্ষকদের কম্পিউটার দেওয়ার কথাও জানান তিনি।
স্বাস্থ্য খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহর ও গ্রামে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের হয়রানি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালুর ঘোষণা দেন তিনি।
ধর্মীয় ব্যক্তিত্বদের জীবনমান প্রসঙ্গে তিনি বলেন, অনেক ইমাম, খতিব ও ধর্মীয় গুরু মানবেতর জীবন যাপন করছেন। বিএনপি সরকার গঠন করলে তাঁদের সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি শুধু ভোটের দিন নয়, দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র ও অপচেষ্টা চলছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
একই দিনে রাজধানীর পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করবে না। তিনি বলেন, মা-বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই লক্ষ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উন্নয়নের নামে লুটপাট নয়, জনগণের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। নির্বাচনে সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার সমস্যার সমাধান করতে স্থানীয় প্রতিনিধির বিকল্প নেই।
