নির্বাচনে জয়ী হলে ফরিদপুরকে পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফরিদপুরকে বিভাগ করা হবে। একইসঙ্গে এই অঞ্চলের নদী ভাঙন রোধ এবং পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বিএনপির। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি এই উন্নয়ন রূপরেখা তুলে ধরেন।
কৃষি ও শিল্প খাতের সমন্বিত উন্নয়নের ওপর জোর দিয়ে তারেক রহমান জানান, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার দলের অগ্রাধিকার। কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ এবং পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। তার মতে, আধুনিক কৃষি ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এদের ওপর জনগণের আস্থা নেই এবং তাদের অতীত ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিশেষ করে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের সমালোচনা করে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
বিকেলে হেলিকপ্টার যোগে ফরিদপুর পৌঁছালে বিএনপি চেয়ারম্যানকে বিপুল সংবর্ধনা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটিই তার প্রথম ফরিদপুর সফর। জনসভা ঘিরে দুপুর থেকেই রাজেন্দ্র কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন।
